শ্রীমঙ্গলের হাইল হাওরে মোবাইল কোর্টের অভিযান, জাল জব্দ

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৫:১৭ পিএম
শ্রীমঙ্গলের হাইল হাওরে মোবাইল কোর্টের অভিযান, জাল জব্দ

শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার  ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা পোদান করে। অভিযানে ১০০টি রিং জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া ২০টি মশারি জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত জালের মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জলমহালে স্থাপিত অবৈধ নেটের বাঁধ উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে