সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৪:২৮ পিএম
সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

সরকারের প্রথম ছয় মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা চৌধুরী ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।

সেমিনারের উন্মুক্ত আলোচনায় সুনামগঞ্জের জেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের বিভিন্ন বিষয় উঠে আসে। চ্যানেল ২৪-এর প্রতিনিধি এ আর জুয়েল জেলা প্রশাসক সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে অনীহা দেখাচ্ছেন কি না, তা জানতে চান।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল অভিযোগ করেন, তিনি কয়েক দিন জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। ৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ জেলা প্রশাসকের কার্যক্রম নিয়ে সমালোচনা করে তাকে পরিবর্তনের দাবি জানান। একই ধরনের বক্তব্য দেন, চ্যানেল টুয়েন্টি ফোর এর এআর জুয়েল, যমুনা টিভির সোহানুর রহমান সোহান, গাজী টিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার। তবে এসব বক্তব্য বক্তাদের ব্যক্তিগত অভিমত হিসেবে আলোচনায় উঠে আসে। সেমিনারে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচির বিষয় তুলে ধরেন। তারা বলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং শাল্লা উপজেলা থেকে কৃষক কার্ডের উদ্বোধন করা হয়েছে। স্বল্প সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের জন্য বক্তারা সরকারের প্রশংসা করেন।

বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আলোচনায় বক্তারা আরও বলেন, রাষ্ট্রকে অকার্যকর করার লক্ষ্যে একটি চক্র বিভিন্নভাবে ‘মব’ তৈরির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে সুনামগঞ্জের কৃষি, ধানের ন্যায্যমূল্য, হাওরের মৎস্যসম্পদ এবং জেলার শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং দুর্নীতি প্রতিরোধে নেওয়া উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে