কেমন আছেন এখন নুসরাত বারুচা?

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৭:০৭ পিএম
কেমন আছেন এখন নুসরাত বারুচা?

বিদেশের মাটিতে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে তার মেরুদণ্ডে চিড় ধরেছে বলে জানিয়েছে অভিনেত্রীর পিআর টিম। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য বালিতে গিয়েছিলেন নুসরাত। কাজের পাশাপাশি সেখানে ছুটি কাটানোরও পরিকল্পনা ছিল তার। নির্ধারিত শুটিং শেষ হওয়ার পর আরও কয়েক দিন বালিতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। এর মধ্যেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার পরপরই নুসরাতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাকে। প্রথম দিকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে এলেও তার আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পরে নুসরাতের পিআর টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, অভিনেত্রীর মেরুদণ্ডে চিড় ধরেছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে মুম্বাইয়ে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বালি থেকে মুম্বাইয়ে নেওয়া হবে। সেখানেই তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। বিদেশে শুটিং করতে গিয়ে এর আগেও বিপাকে পড়েছিলেন নুসরাত। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে ইসরায়েলে শুটিং করতে গিয়ে সেখানে আটকে পড়েছিলেন তিনি। পরে শুটিং টিমের সঙ্গে নানা জটিলতার মধ্য দিয়ে দেশে ফিরতে হয়েছিল অভিনেত্রীকে। সেই ঘটনার পর ফের বিদেশের মাটিতে দুর্ঘটনার শিকার হলেন তিনি। এদিকে নতুন সিনেমা নিয়েও আলোচনায় রয়েছেন নুসরাত। হাস্যরস ও রহস্যের মিশেলে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন টাইগার শ্রফ। এটি দুই তারকার প্রথম সিনেমা। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটিতে নুসরাতের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। চরিত্রটির দৃঢ়তা ও আবেগ-দুই দিকই পর্দায় তুলে ধরা হবে। সিনেমাটিতে নুসরাত ও টাইগার শ্রফ ছাড়াও অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এলবিশ যাদবসহ আরও অনেকে। প্রসঙ্গত, নুসরাত ভারুচাকে সর্বশেষ দেখা গেছে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায়। এতে তার সহশিল্পী ছিলেন সোহম শাহ। এবার টাইগার শ্রফের সঙ্গে নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন এই অভিনেত্রী।