দুটি ভারতীয় এয়ারগানসহ ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৪:৪৯ পিএম
দুটি ভারতীয় এয়ারগানসহ ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, এয়ারগান, ওষুধসহ প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম ও বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সীমান্তবর্তী এলাকায় অভিনব কায়দায় ফলের ক্যারেটে করে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই অভিযানে অন্য একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা সব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আপনার জেলার সংবাদ পড়তে