দুই মাসের বেশি সময় ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজে। চোট কাটিয়ে ফিরতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের মাধ্যমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে গত মাসের শেষ দিকে আবারও কোমরের নিচের অংশে চোট পান এই পেসার। সেই চোটের ব্যথা এখনো ভোগাচ্ছে নাহিদকে। স্ক্যান করানোর পর গুরুতর কিছু ধরা না পড়লেও ব্যথা থাকায় দীর্ঘ সময় বোলিং করতে পারছেন না তিনি। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, চিকিৎসার জন্য কাতারে যেতে পারেন নাহিদ। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয় তাকে একটা স্ক্যান করানো হচ্ছে। সম্ভবত সে দেশের বাইরেও যেতে পারে যত দ্রুত সম্ভব। তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে সঠিক সময়সীমা দিতে পারছি না।’ চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখনই তাকে পরিকল্পনার বাইরে রাখা হচ্ছে না। হাবিবুল বাশার বলেন, ‘সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতেও পারে, সে এখনো ছিটকে যায়নি। আপাতত আমরা এটা নিয়েই এগোচ্ছি।’