ফুলবাড়ীর ধরলা নদীতে গোসল করতে স্কুল শিক্ষার্থীর সলিল সমাধি

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০২:২৮ পিএম
ফুলবাড়ীর ধরলা নদীতে গোসল করতে স্কুল শিক্ষার্থীর সলিল সমাধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বন্ধবীদের সাথে গোসল করতে নেমে সুমাইয়া আক্তার (১০) নামের স্কুলছাত্রীর সলিল সমাধি হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার বিকেলে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনয়নের পশ্চিম ধনিরাম বাগখাওয়া চরের ধরলা নদীর মোহনায়। নিহত স্কুলছাত্রী পশ্চিম ধনিরাম গ্রামের রহিজ আলীর একমাত্র কন্যা সন্তান। জানা গেছে, রোববার চর ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার স্কুল ছুটির পর দুই বান্ধভীসহ তিনজন মিলে পশ্চিম ধনিরাম আবাস প্রকল্পের পাশে ধরলা নদীর মোহনায় গোসল করতে যায়। ওরা তিন বান্ধবী এক সঙ্গে গোসলে নামলে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার পানিতে ডুবে যায়। সে পানি থেকে না ভাসায় বাকী দুই বন্ধবী বাড়িতে গিয়ে সুমাইয়া ডুবে যাওয়ার ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। পরে পরিবারের লোক ও এলাকাবাসী ছুটে এসে নদীর মোহনায় খোঁজাখুজি শুরু করে। পানিতে স্রোত থাকায় ঘটনাস্থল থেকে একটু দুরে মূমুর্ষু অবস্থায় স্কুলছাত্রী সুমাইয়াকে উদ্ধার করা হয়। প্রায় ১০/১২ কিলোমিটার পথ অতিক্রম করে সুমাইয়াকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রতন জানান, নিহত স্কুলছাত্রী দীর্ঘক্ষণ পানিতে ডুবে থেকেই মারা গেছেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম স্কুলছাত্রীর নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ব্যাপারে তার পরিবারসহ অন্য কারও কোনো প্রকার অভিযোগ না থাকায় স্কুলছাত্রীর মরদেহ ময়না তদন্ত ছাড়াই রোববার সন্ধ্যার পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে