কৃষির উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি, কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কৃষির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) কর্মসূচির আওতায় সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক কৃষিবিদ আবু ফাত্তাহ্ মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায়, উপজেলা বিনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, নাগেশ্বরী প্রেসক্লাবের সভারপতি ওমর ফারুক, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামানসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, উন্নত কৃষিপ্রযুক্তির ব্যবহার ও উত্তম কৃষিচর্চার মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন, নিরাপদ খাদ্য সরবরাহ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকরা জানান, পার্টনার কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষিবিষয়ক তথ্য ছড়িয়ে দেওয়া, উন্নত জাত ও প্রযুক্তির সমপ্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণে সহায়তা এবং টেকসই কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্যের গুণগত মান উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির লক্ষ্য।