এবারের ফ্যামিলি কার্ড শুমারি সর্বোচ্চ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। তিনি বলেন, শুমারির সময় তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের কোন রকম রাজনৈতিক বা অন্য কোন রকম অবৈধ চাপ সৃষ্টির খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আয়োজিত এ সংক্রান্ত প্রেস কনফারেন্সে সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটোর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এর আয়োজন করে। ইউএনও সারাদেশে একই সাথে আয়োজিত প্রেস কনফারেন্সে জাতীয় পর্যায় থেকে সরবরাহ করা প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন। এরআগে প্রজেক্টরের মাধ্যমে ঢাকায় আয়োজিত প্রেস কনফারেন্স সরাসরি দেখানো হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, মহাদেবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ১৩৫ জন তথ্য সংগ্রহকারি ও ১৩ জন সুপারভাইজার নিয়োগ দিয়ে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে উপজেলার উত্তরগ্রাম ও রাইগাঁ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে শুমারি শুরু হবে। তিনি বলেন, শুমারিতে সব ফ্যামিলির নাম তিন ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত হবে। এ সংক্রান্ত চুড়ান্ত তালিকা প্রকাশ করে গণশুনানীর মাধ্যমে স্বচ্ছ ডাটাবেজ তৈরি করা হবে। ফ্যামিলি কার্ড করে দেয়ার নাম করে কেউ টাকা দাবি করলে সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাংবাদিক ইউসুফ আলী সুমন, জুলহাজ খান, বরুণ মজুমদার, লিয়াকত আলী বাবলু, সাখাওয়াত হোসেন এবং নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।