কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ১৪২ বোতল ইস্কাফ সিরাপ ও চার কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আলী হোসেন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা।
হতকাল বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দৌলতপুর উপজেলার পশ্চিম ধর্মদহ গ্রামে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানে আলী হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে কাগজে মোড়ানো ১৪২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৪ হাজার ২০০ মিলিলিটার বা ১৪ দশমিক ২ লিটার সিরাপ ছিল। এ ছাড়া একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুটি পোটলায় রাখা মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা। অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারের পর উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলী হোসেনের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে তদন্ত ও আইনগত ব্যবস্থা সহ সানাই মামলা দায়ের করা হয়েছে।