ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তাকে ময়মনসিংহ আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) দুপুর দেড়টার উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ মোস্তফা। তিনি ওই এলাকারই বাসিন্দা এবং পেশা একজন গরু ব্যবসায়ী। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলো। চারিপাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়া সময় মোস্তফা শিশুটিকে রাস্তায় পাশে একটি কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়।
এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে এ ঘটনাটি জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যেও উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তের বাড়িতে গেলে শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারসহ ভয়ভীতি দেখানো হয়। পরে এ ঘটনায় শিশুটির বাবা রোববার রাতে বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার অভিযুক্ত আসামি মোস্তফাকে সোমবার গ্রেফতার করে। গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।