পিরোজপুরের জিয়ানগরে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী মো. মনির হোসেন ও তাঁর ছেলের বিরুদ্ধে এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এতে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান ইব্রাহিম (৫৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের স্বজনেরা জানান, প্রায় এক বছর আগে জমি বিক্রির পর মনির হোসেন তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন। বৃহস্পতিবার টাকা ফেরত দেওয়ার কথা বলে মনির তাঁকে বাড়ির সামনে ডেকে নেন। সেখানে গেলে মনির ও তাঁর ছেলে লোহার লাইট দিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, মনির হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেয়র আবদুল মালেক হাওলাদারের পালকপুত্র ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিভিন্ন সময় বিএনপি ও জামায়াতের পরিচয় ব্যবহার করে চলাফেরা করেন বলেও অভিযোগ করেন তাঁরা। অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বলেন, তিনি কোনো টাকা পান না। প্রথমে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বাত খান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।