শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
শুক্রবার সন্ধ্যায় তিনি চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি তমাল কুমার ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি চাঁদপুর সদরের শ্রী শ্রী কালী বাড়ি মন্দির এবং হাজীগঞ্জ বাজারের ত্রি নয়নী সংঘের পূজামণ্ডপ ঘুরে দেখেন। তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার
নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই তৎপরতা অব্যাহত রয়েছে।