মা ইলিশ রক্ষা অভিযানে

চাঁদপুরে ১৯ জেলে গ্রেপ্তার, ৪ নৌকা, জাল ও ইলিশ জব্দ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:২৫ পিএম
চাঁদপুরে ১৯ জেলে গ্রেপ্তার, ৪ নৌকা, জাল ও ইলিশ জব্দ

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১০ম দিনে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের অভিযোগে ১৯ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি ইঞ্জিনচালিত নৌকা, ৮ কেজি মা ইলিশ এবং ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার (১৭ অক্টোবর) চাঁদপুর সদর নৌ থানা পুলিশের পরিচালনাধীন এক বিশেষ অভিযানে এই গ্রেপ্তার ও মালামাল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইনের নিবিড় তত্ত্বাবধানে নৌ পুলিশের একটি বিশেষ চৌকস দল নদীপথের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের হাতেনাতে ১৯ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে চাঁদপুরের সংশ্লিষ্ট থানায় নিয়মিত ৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের বিষয়ে চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন মৌসুম ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মা ইলিশ রক্ষায় নদীপথে নৌ পুলিশের এই বিশেষ ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে