জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ ই সুলতান মাহমুদ বাবু। সভায় গণতন্ত্র সুশাসন ও উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও চলমান অগ্রগতির পাশাপাশি মাদক, জুয়া, চুরি ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদ।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আলহাজ্ব এ ই সুলতান মাহমুদ বাবু বলেন, গণতন্ত্র সুশাসন ও ইসলামপুরকে মাদক, জুয়া, চুরি ও সব ধরনের অনিয়ম-দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এসব অনিয়ম ও দুর্নীতি জনসমক্ষে তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়মতান্ত্রিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা জরুরি।
সভায় ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সহসভাপতি শহিদুর রহমান কাজল ও রহিমা সুলতানা মুকুল, সহসম্পাদক শাহিদুর রহমান, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল, দপ্তর সম্পাদক হোসেন রানা ও কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, আজকের পত্রিকার প্রতিনিধি এম কে দোলন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, সাবেক সহসাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, সাবেক কার্যনির্বাহী সদস্য হোসেন শাহ ফকির ও সহযোগী সদস্য আওয়াল সরকার বক্তব্য দেন। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সদস্য বাংলা টেলিভিশনের প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন, রাজেশ কুমার গুরুদাস, হাসর আলী ও মোতালেব এবং সহযোগী সদস্য মফিজুল, পল্লব, সুমন, রকিব ও এমদাদসহ স্থানীয় সাংবাদিকেরা।
আলোচনা শেষে সমাপনী বক্তব্যে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আগামী নভেম্বর ২০২৬ তারিখে প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি নির্বাচনকে সুষ্ঠু সুন্দর উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রেসক্লাবের সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।