‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দিনটিকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উপসচিব ওয়ালীউল দামানের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে।
এর আগে ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এ ছুটি কার্যকর হবে।
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন। ২০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হওয়া ছুটি চলবে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত। ২৫ অক্টোবর রোববার থেকে সরকারি অফিসের কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে।