বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে কুমিল্লার হোমনার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এম কে আনোয়ারের জ্যেষ্ঠ পুত্র মাহমুদ আনোয়ার কাইজার বাবা-মায়ের জন্য মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করে ৩৪ বছর অত্যন্ত সুনামের সঙ্গে সরকারি সেবা প্রদান করেন। তিনি দেশের ৭ম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯০ সালে সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন। কুমিল্লা -০১ ও পরবর্তীতে কুমিল্লা -০২ (হোমনা-মেঘনা ও হোমনা-তিতাস) আসন থেকে তিনি ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দুইবার শিল্প, বাণিজ্য, নৌ-পরিবহন ও কৃষিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দয়িত্ব পালন করেন। ২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক, গুণগ্রাহী ও আত্মীয়-স্বজনকে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।