গফরগাঁওয়ে একই বাড়ির দুই ফ্ল্যাটে দুর্র্ধষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:১৪ পিএম
গফরগাঁওয়ে একই বাড়ির দুই ফ্ল্যাটে দুর্র্ধষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের দিনে দুপুরে একই বাড়ির দুই ফ্ল্যাটে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির দ্বিতীয় তলায় দুই ফ্ল্যাটে তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর বিকেল তিনটায় দিকে পৌর শহরের ষ্টেশন রোডস্থ সাদা মার্কেটের পেছনে কুমারভিটা এলাকার মোহাম্মদ আলামিন এর বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী বাড়ির মালিক মোহাম্মদ আলামিন  জানান, শুক্রবার দুপুরে তিনি ঘরে তালা লাগিয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। ওই সময় পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া তানিয়ারাও বাসায় ছিল না। এই সুযোগে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে চোরেরা তাঁর ফ্ল্যাট ও ভাড়াটিয়ার ফ্লাটে ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে নিজ ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা ও অন্যান্য জিনিস পত্র নিয়ে যায়। এবং ভাড়াটিয়া তানিয়ার ঘর থেকে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় । পরে বিকেলে বাড়ির মালিক ও ভাড়াটিয়া পরিবারের লোকজন বাসায় ফিরে দুটি ফ্ল্যাট ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে বাসা বাড়িতে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক আলামিন ও ভাড়াটিয়া তানিয়ার দাবি, তাদের অনুপস্থিতিতে যে কোনো সময় চোরের দল দুটি ফ্ল্যাটে ঘরে তালা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার, অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান বলেন, ফ্ল্যাট বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে স্থানীয়রা দৈনিক নিউ টাইমস প্রতিবেদককে অভিযোগ করে বলেন, পৌর এলাকার সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত কাজে দিনের বেলায় বাড়ির বাইরে থাকা পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

আপনার জেলার সংবাদ পড়তে