ধারাবাহিক হত্যাকান্ড ও গুলিতে রক্ত ঝরানোর পর এবার খুলনা মহানগরীর বাবুখান রোডে অবস্থিত সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলিবর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলি ছোড়ার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে । খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা রাস্তায় দাঁড়িয়ে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায, রাত সাড়ে ৯ টার পর মোটরসাইকেলযোগে ১০/১২ জন সন্ত্রাসী সন্ধানী ক্লিনিকে ঢ়ুকে গুলি ছোড়ে। পরে তারা প্রফেসর ডাঃ মোঃ কুতুব উদ্দিন ও ডাঃ শেখ মোজাম হোসেনের চেম্বার ভাংচুর করে। পরে তারা রিসিপশন ও ক্যাশ কাউন্টারে ভাংচুর চালায়। দূর্বৃত্তরা ক্লিনিকের রিপোর্ট প্রদানকারী ইকবাল হোসেনের ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ক্লিনিকের রিসিপশনিস্ট বিশ্বজিৎ সামান্য আহত হন। ক্লিনিকের সুপারভাইজার কল্যাণী বলেন, রাতে স্বাভাবিকভাবে কাজ করছিলাম।রাত সাড়ে ৯টার দিকে মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সামনে থেকে ভাঙচুর চালাতে চালাতে ক্যাশ কাউন্টারের সামনে এসে আক্রমণ করলে আমরা বাইরে বের হয়ে যাই। তারা চলে যাওয়ার পর আমরা পুনরায় ভেতরে আসি। হামলার কারণ সম্পর্কে তিনি বলতে পারেননি।ক্লিনিকের ভেতরে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। উপস্থিত কেউ হামলার কারণ সম্পর্কে মুখ খুলতে চায়নি। সংবাদ পেয়ে পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের টিম সেখানে কাজ করছে। কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। জড়িত যেই হোক না কেন, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।