বরিশালের আগৈলঝাড়ায় ১৫টি মাদ্রাসার ১০৭ জন শিক্ষার্থীদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের ফুল্লশ্রী হেলিপ্যাড সংলগ্ন দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হুফফাজুল ফাউন্ডেশন বাংলাদেশের আগৈলঝাড়া থানা শাখার উদ্যোগে অধ্যক্ষ মুফতি মো. নুরুন নবীর সভাপতিত্বে উপজেলার ১৫টি মাদ্রাসার ১০৭ জন প্রতিযোগী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারাসহ চারটি বিভাগে অংশগ্রহণ করেন।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগধা কওমি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মুফতী মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগধা কওমি মাদ্রাস সিনিয়র ওস্তাদ হাফেজ ক্কারী মো. শহিদুল ইসলাম, দারুল উলুম কওমি মাদরাসা সিনিয়র ওস্তাদ হাফেজ ক্কারী মো. ওবাইদুল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, গৈলা আল ফারুক ইয়াতিমখানা ও মাদরাসার সুপার সৈয়দ মো. ইমরান, চাঁদশী জামিয়া মোহাম্মদিয়া আজিজিয়া মাদরাসার মুফতি মো. বাইজিদ আহম্মেদ প্রমুখ।
প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে সাতজন করে ২৮ জনকে বিজয়ী ঘোষনা করেন বিচারক মন্ডলী। পরে বিজয়ীদের মাঝে সম্মাননা সনদপত্র ও পুরস্কার হিসেবে ইসলামিক বই প্রদান করা হয়েছে। সবশেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাদারীপুরের খাগদী জামিয়া কারীমিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ।