‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে কয়েক শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবার সচেতনতা এবং আইন মেনে চলার বিকল্প নেই বলে সংশ্লিষ্টরা মনে করেন।