নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও এলাকায় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের সময় একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সাউদা মনি। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ইজিবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে একটি ইজিবাইক শিশুটির ওপর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ইজিবাইকের নিচ থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে, পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।