এমপি বাচ্চু

চাঁদাবাজ ও মাদকাসক্ত যুবক প্রধানমন্ত্রীর আর্দশের সংগঠন যুবদলে ঠাঁই হবে না

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:১০ পিএম
চাঁদাবাজ ও মাদকাসক্ত যুবক প্রধানমন্ত্রীর আর্দশের সংগঠন যুবদলে ঠাঁই হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও- দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশাল সমাবেশে উপজেলা যুবদল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, মাদক সমাজকে ধ্বংস করে, তাই যুবসমাজকে চাঁদাবাজ ও মাদক থেকে দূরে রাখতে হবে। কোনো মাদক ও চাঁদাবাজ যুবক তারেক রহমানের আর্দশের সংগঠন যুবদলের ঠাঁই হবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান যুবদল নেতাকর্মীদের। সমাবেশে সভাপতিত্ব করেন অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ এমদাদুল হক এমদাদ ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সারোয়ার আলম।

এ সময় বক্তব্য দেন অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আনছার উদ্দিনসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে এমপি আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অপরদিকে বুধবার রাতে গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপি কার্যালয থেকে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরশহর প্রদক্ষিণ করেন। এসময় শোভাযাত্রায় ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে পৌর বাজারে পাটমহল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোহাম্মদ খুররমের সভাপতিত্বে ও উপজেলা যুবদল সদস্য মোঃ আনসারুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান শক্তি ও আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ভূমিকা অপরিহার্য। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে দুই  উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী দিনভর উৎসব আমেজে কেটেছে।

আপনার জেলার সংবাদ পড়তে