ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুন তো মালিসিয়া গ্রামে লাঙ্গল বাঁধ বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো গণেশ কুন্ডুর মুদি দোকান এবং তাঁর ভাই উত্তম কুন্ডুর গ্যাস সিলিন্ডারের দোকান। আগুনে দোকান দুটির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় দোকানের পেছনে মজুত রাখা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, মুদি দোকানের পেছনে গ্যাস সিলিন্ডার থাকায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তিনি আরও জানান, সেখানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালনার কোনো লাইসেন্স ছিল না। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গ্যাস সিলিন্ডারের ব্যবসা লাইসেন্স ছাড়া পরিচালনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।