কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম
কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জোরপূর্বক জবরদখলের অপচেষ্টা, ভুয়া রেকর্ড সৃজন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি হিন্দু পরিবারের সদস্যরা। ঘটনাটি বরিশালের উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের।

ভূক্তভোগী সঞ্জয় চন্দ্র দাস পৌর এলাকার আলহাজ্ব বি.এন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেছেন।

শনিবার বিকেলে বরিশাল নগরীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সঞ্জয় চন্দ্র দাস বলেন, উজিরপুর মৌজার ২৯ শতক জমি লিজ ও পৈত্রিক সূত্রেপ্রাপ্ত হয়ে তারা ১৯৫৯ সাল থেকে ভোগদখল করে আসছেন। ১৯৬৩ সালের সাফ কবলা দলিল এবং পরবর্তীতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের পর ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ১৫০ নং আপত্তি মামলার আদেশের মাধ্যমে বৈধভাবে সরকার ও জেলা প্রশাসকের পক্ষে ডি.পি ১৩৫৫ নং খতিয়ানে জমিটি তাদের নামে রেকর্ডভুক্ত হয়।

অভিযোগ করে তিনি বলেন, বৈধ প্রক্রিয়া শেষ হওয়ার পর জোনাল সেটেলমেন্ট অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বি.এন খান ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ গোপনে ও বিনা নোটিশে ৪২৩ নং আপত্তির মাধ্যমে তাদের ওই সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করে নিয়েছে। পরবর্তীতে জোনাল রেকর্ড রুমের কর্মকর্তা মো. নুরুজ্জামানের চলতি বছরের ২ আগস্টের তদন্ত প্রতিবেদনে জালিয়াতির সত্যতা প্রমাণিত হয়।


তিনি আরও জানিয়েছেন, জালিয়াতির প্রতিকার চেয়ে তারা জোনাল সেটেলমেন্ট আদালত এবং পরবর্তীতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বর্তমানে জোনাল সেটেলমেন্ট আদালতে একটি মিস কেস বিচারাধীন রয়েছে। আগামী ১১ নভেম্বর আদালত কর্তৃক পুনরায় সার্ভেয়ারের মাধ্যমে সরেজমিন তদন্তের দিন ধার্য রয়েছে।

সঞ্জয় চন্দ্র দাস বলেন, আদালতের তদন্তের তারিখকে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর বিকেলে বি.এন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্যসহ কতিপয় প্রভাবশালীরা দলবদ্ধভাবে ওই জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তাদের বাঁধা প্রদান করা হলে প্রভাবশালীরা ভুক্তভোগীর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উদ্বেগ প্রকাশ করে সঞ্জয় চন্দ্র দাস বলেন, বর্তমানে কলেজ কর্তৃপক্ষের লাগাতার হুমকি ও প্রভাবে চরম আমরা পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী সঞ্জয় চন্দ্র দাস ও তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোন কথা বলতে রাজি হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে