ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন দুই সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর দুই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, অন্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং কার্যপ্রণালি বিধির ৫ বিধি অনুযায়ী তাদের শপথ পড়ানো হয়।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪।
নির্বাচন কমিশন (ইসি) ৩১ অক্টোবর মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপনির্বাচনের জন্য ১০ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই এবং জেলা বিএনপির সভাপতি।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর সোমবার (২ নভেম্বর) তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে এ বিষয়ে গেজেটও প্রকাশ করা হয়।
এর আগে গত ১ অক্টোবর ওই আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার নাম আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদ ছাড়েন। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।