পবিত্র ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে অসুস্থ হয়ে মোঃ জাকির হোসেন দুলাল মিয়া নামে সেনবাগের এক হাজ্বীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত জাকির হোসেন দুলাল মিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বশির উল্লাহ মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দরে স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে কয়েক দীন আগে পবিত্র ওমরা পালনের উদ্দেশে সৌদি আরবে যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। বুধবার সৌদি আরবে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। এদিকে তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়ি সেনবাগে পৌঁছালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।