"তিনডা (বিগত তিনটি) নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই। এইবারের শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচনে মোরা পছন্দের মার্কায় ভোট দিতে পেরে খুবই খুশি হইছি। ভোট দিয়ে বেরিয়ে কথাগুলো বলছিলেন বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটার আলেয়া বেগম। প্রায় একই কথা বলেন, অধিকাংশ ভোট কেন্দ্রে ভোট দিতে আসা সাধারণ ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করছেন। অধিকাংশ কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। দীর্ঘ বছর পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম জানিয়েছেন, এখন পর্যন্ত এ উপজেলার কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। ভোটের পরিবেশ অত্যান্ত শান্তিপূর্ণ।