ভোরে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত কয়েক

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৯ এএম
ভোরে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত কয়েক
ছবি, সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, তাঁরা ককটেল তৈরির সময় এমন বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

আহতরা হলেন- ফাটাপাড়া গ্রামের মিনহাজ (২২) ও বজলুর রহমান (২০) এবং রানিহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের শুভ (২০)। তাদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে ভোরে একদল লোক ককটেল তৈরির কাজ করছিল। এ সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, “ককটেল তৈরির সময় এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সারা শরীর ঝলসে গেছে।”

যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিওেআংশিক ভেঙ্গে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে