বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৩:১৮ পিএম
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা নামক এলাকায় যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত ও তিনজন গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ভয়াবহ এ দূর্ঘটনায় নিহতরা হলেন, ঢাকা নিউমার্কেটের এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে ইলিয়াস হোসেন (৫৭) ও বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাস চালক মো. রিপন। এছাড়াও মাইক্রোবাসের যাত্রী গুরুত্বর আহতরা হলেন-ঢাকার খিলখেত এলাকার মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়ারেচ (৩০)। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সাথে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুত্বর আহত হয়। খবরপেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়। গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।  

আপনার জেলার সংবাদ পড়তে