বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডে মাংস বিক্রেতা এক কসাইয়ের দোকানে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। খবরপেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পেয়েছেন উপজেলা প্রশাসন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে টরকী বাসষ্ট্যান্ডের মাংস বিক্রেতা ফিরোজ হাওলাদারের মাংসের দোকানে গর্ভবতী গরু জবাই করা হয়। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানকালে গরু জবাইয়ের স্থানের পাশের খালে একটি মৃত বাছুর দেখতে পাওয়া যায়।
সূত্রে আরও জানা গেছে, উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাংস বিক্রেতা ফিরোজ ও তার ছেলে সোহেল হাওলাদার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা সত্বেও তারা দোকানে ফিরে আসেনি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেওয়া গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইব্রাহীম জানিয়েছেন, মাংসের দোকানের ডিপ ফ্রিজে জবাইকৃত গরুর কিছু সংরক্ষিত মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, অভিযানের আগেই ওই ব্যবসায়ী পালিয়ে গেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. আতিক হোসেন উপস্থিত ছিলেন।