বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছেন এসআরবির সদস্যরা। রবিবার (পহেলা নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করা হয়। এরআগে ওইদিন সকাল আটটার দিকে ওইস্থানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবরপেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এসআরবি খুলনা-৬ এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কিভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।