নববধূকে পালাক্রমে ধর্ষণ, দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০৬:০০ পিএম
নববধূকে পালাক্রমে ধর্ষণ, দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেপ্তার

বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত দুলাভাই ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (পহেলা নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামের ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। এরপূর্বে শনিবার দিবাগত মধ্যরাতে আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নববধূ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক ক্রয় করে দেওয়ার কথা বলে পরিবারের সবার সম্মতিতে নববধূকে বাজারে নিয়ে যায় তার ভাসুরের বোনের স্বামী ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে নির্জনস্থানে নিয়ে ইমরান প্যাদা ও তার চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে নববধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনার পর প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়েন করেন নির্যাতিতা নারী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশে ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে নির্যাতিতা মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, থানায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল  ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে