গত কয়েকদিনের প্রচন্ড শীতে যুবুথুবু হয়ে পরেছে বরিশালের প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুঃস্থ পরিবারের মানুষগুলো। এরইমধ্যে এবারই প্রথম বরিশালের জেলা প্রশাসকের নির্দেশে শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসারগণ। ফলে প্রকৃত শীতার্তরা পাচ্ছেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল। তারই অশংহিসেবে পহেলা জানুয়ারি মধ্যরাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামঘুরে প্রকৃত অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি কম্বল পৌঁছে দেওয়া হয়েছে। বাবুগঞ্জ উপজেলার মানবিক ও চৌকস নির্বাহী অফিসার আসমা উল হুসনা মধ্যরাতে এসব কম্বল বিতরণ করেছেন। পরবর্তীতে তিনি (ইউএনও) তার সরকারি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হওয়ার পাশাপাশি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের কাছে। "ইউএনও বাবুগঞ্জ" নামের ফেসবুক আইডি থেকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা পোস্ট করে লিখেছেন-কথা দেয়া যতটা সহজ, রাখাটা ঠিক ততটাই কঠিন। সায়েরা বেগম ও কমলাকে কম্বল তাদের বাড়ি পৌঁছে দিবো বলে কথা দিয়েছিলাম। কথা রাখতে গিয়ে সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের বাড়ি খুঁজে বের করলাম। তাদের খুঁজে বের করতে বেশ বেগ পেতে হলেও তাদের হাসিতে সব ক্লান্তি নিমিষেই গায়েব হয়ে গেলো, আলহামদুলিল্লাহ। আমার কাছে কর্মব্যস্ত ও সুস্থভাবে কাটানো দিনই উত্তম দিন। সেই হিসেবে বছরের প্রথমদিন ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ। ২০২৬ সালটা সকলের সুস্থ ও মানসিক শান্তিতে কাটুক। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সায়েরা বেগম ও কমলাই নয়; পহেলা জানুয়ারি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা উপজেলার বিভিন্ন গ্রামঘুরে প্রায় শতাধিক শীতার্ত অসহায় ও দুঃস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল পৌঁছে দিয়েছেন।