দুর্গম পাহাড়ে ইউএনও'র নির্বাচনী লিফলেট বিতরণ

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:২১ পিএম
দুর্গম পাহাড়ে ইউএনও'র নির্বাচনী লিফলেট বিতরণ

দূর্গম জনপদ রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার আঠারকছড়া ইউনিয়নের প্রত্যন্ত লেমুছড়ি ও পেরাছড়া এলাকায় অবস্থিত দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে তিনি সম্প্রতি লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনকালে ইউএনও মো. জাহাঙ্গীর হোসাইন স্থানীয় জনগণের উদ্দেশ্যে আসন্ন নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন। এসময় স্থানীয় জনগণের মাতৃভাষায় ছাপানো গণভোট বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। ইউএনও বলেন, “ভোটাধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।” এছাড়া তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে শীতার্ত মানুষের কথা বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। স্থানীয়রা ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই দুর্গম পাহাড়ি এলাকায় প্রশাসনের সরাসরি উপস্থিতি সাধারণ মানুষের আস্থা ও ভোটে আগ্রহ বাড়িয়েছে। প্রসঙ্গত, ভোটকেন্দ্র দুটি বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কবিহীন এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অবস্থিত। এসব এলাকায় পৌঁছাতে দীর্ঘ স্থল ও নৌপথ অতিক্রম করতে হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই প্রথম কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি এসব দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন।

আপনার জেলার সংবাদ পড়তে