কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রাহাত কামরুল মোল্লার বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ টাকা, স্বর্ণ-রুপার অলঙ্কার ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৮ জানুয়ারি) দিনের বেলায় উপজেলার আড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী কামরুল মোল্লার স্ত্রী নাসরিন আক্তার বাড়িতে তালা দিয়ে তার কর্মস্থল বড়গাংদিয়া প্রোয়েল প্রি-ক্যাডেট স্কুলে চলে যান। অপরদিকে কামরুল মোল্লা দৌলতপুর থানা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাসভবনে অনুষ্ঠিত একটি নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিতে ষায়। দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে কামরুল মোল্লা বাড়িতে ফিরে এসে দেখেন, মেইন গেটের তালা খোলা থাকলেও ভেতর থেকে দরজা আটকানো। এতে সন্দেহ হলে প্রতিবেশী উজ্জল হোসেনের সহায়তায় বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন পরে দেখা যায়, বারান্দার গ্রিলের তালা ভাঙা এবং ঘরের ভেতরের আসবাবপত্র ও আলমারি সম্পূর্ণ তছনছ করা।ভুক্তভোগীর দাবি অনুযায়ী, চোরেরা ওয়ারড্রবে রাখা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার (রুলি বালা, নেকলেস, চেইন ও দুল) এবং ৮ ভরি রুপার নুপুরসহ মোট আনুমানিক ১৮ লাখ ৭৪ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়া আলমারিতে রাখা জমির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও খোয়া গেছে।কামরুল মোল্লা জানান, রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার সুযোগে পরিকল্পিতভাবে চোরচক্র বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।