নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।তিনি বলেন, “বর্তমান নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ভোটারদের জানাতে চাই, কিছু প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম করছেন। আমরা জনগণের অধিকার রক্ষা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অবিরাম কাজ করে যাচ্ছি।” সংবাদ সম্মেলনে বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইনও বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আলমগীর ইউসুফ, কেন্দ্রীয় নেতা ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু নাছের মোহম্মদ আবদুজ জাহের ছেলে ডাক্তার শওকত আল ইমরান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, জেলা, উপজেলার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।