সরকারের 'মন্ত্রিত্ব' আলোচনায় চাঁদপুরের ড. মাহদী আমিন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩১ পিএম
সরকারের 'মন্ত্রিত্ব' আলোচনায় চাঁদপুরের ড. মাহদী আমিন

বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতিতে নতুন মন্ত্রিসভার খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি ম্যাজিশিয়ান মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পেতে যাওয়া ব্যক্তিদের মধ্যে আলোচনায় আছেন চাঁদপুরের গর্বিত সন্তান  ড. মাহদী আমিন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা এবং সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. মাহদী আমিন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর প্রসেস এক্সেলেন্স এন্ড ইনোভেশনে তথ্য- প্রযুক্তিগত উৎকর্ষ বিষয়ে শিক্ষক ও গবেষক, আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের সভাপতি ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড, লন্ডন ডেভেলপমেন্ট করপোরেশনসহ বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া মাহদী আমিন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাইরেও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পলিটিকাল ইকোনমি অব পাবলিক পলিসি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। মাহদী আমিনের অনুপ্রেরণাদায়ী শিক্ষাগত ও পেশাগত অর্জনকে সম্মান জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাকে নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে।  ড.মাহদী আমিন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের দ. বালিয়া গণি পাটওয়ারী বাড়ির কৃতি সন্তান। তাঁর বাবার নাম মো. রুহুল আমিন পাটওয়ারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পিতার সাথে গ্রামের বাড়িতে এসেছিলেন এবং  দাদা'র কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে