কিশোরগঞ্জে রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩০ পিএম
কিশোরগঞ্জে রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার খবরে সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক তখন কিশোরগঞ্জে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে জেসি এগ্রো ফার্ম। পুরো রমজান মাসজুড়ে মাত্র ১০ টাকা লিটার দরে দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামে অবস্থিত জেসি এগ্রো ফার্ম রমজানের প্রথম দিন থেকেই এই কার্যক্রম শুরু করেছে, যা চলবে পুরো রমজান মাসব্যাপী। সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে নেওয়া এ সিদ্ধান্তে যে কেউ সর্বোচ্চ এক লিটার দুধ ১০ টাকা দরে কিনতে পারছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) খামারে গিয়ে দেখা যায় এলাকার দরিদ্র শতাধিক নারী-পুরুষ দুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে ১০ টাকা দিয়ে দুধ সংগ্রহ করছেন, আবার অনেককে বিনামূল্যেও দুধ দেওয়া হচ্ছে। জেসি এগ্রো ফার্মের ব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ রিয়াদ জানান , ৬ বছর আগে প্রতিষ্ঠিত জেসি এগ্রো ফার্মে বর্তমানে দুগ্ধ ও মোটাতাজাকরণের জন্য প্রায় ১৫০টি গরু রয়েছে। এর মধ্যে ২০টি গরু থেকে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদিত হয়। রোজায় সাধারণ মানুষের কথা বিবেচনা করে উৎপাদিত দুধের পুরোটাই নামমাত্র মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে