গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর পাঁচটার দিকে জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচায় জানা যায়নি। স্থানীয়রা জানায়, তিন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে ইদিলপুর ইউনিয়নের খোর্দ্দ মোজাহিদপুর এলাকায় আসেন। পথে এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগি ব্যক্তির চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। এসময় একজন পালিয়ে গেলেও অপর দুইজনকে আটক করে গণপিটুনি দেয় জনতা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।