গাজীপুরের কাপাসিয়ায় ৫২ পিস ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে
অভিযান চালিয়ে মাদক কারবারি সামসুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়।শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের মৃত সাহাব উদ্দিনের পুত্র। সে দীর্ঘদিন যাবত এলাকার যুব ও তরুণদের মাঝে বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে 'ফকির মজনু শাহ্ সেতু'র টুল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার নিজ হেফাজতে থাকা ৫২ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।