লক্ষ্ণীপুরে নদীতে ডুবে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৮ পিএম | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৫ পিএম
লক্ষ্ণীপুরে নদীতে ডুবে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

লক্ষ্ণীপুরের কমলনগরে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নদীর স্রোতে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুম (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার নুর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে, আর একসঙ্গে পিকনিকে যাওয়া বন্ধুদের চোখে এখন শুধুই অপরাধবোধ আর গভীর শোক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে মাসুম তার ১৪ বন্ধুকে নিয়ে মেঘনা নদীর বুকে জেগে ওঠা নতুন চর কাঁকড়া এলাকায় পিকনিকে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবাই রান্নার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই মাসুমসহ তিন বন্ধু নদীতে বেঁধে রাখা নৌকাটি দেখতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নৌকায় ওঠার চেষ্টা করলে হঠাৎ একটি বড় ঢেউ এসে তিনজনকে ভাসিয়ে নেয়। প্রাণপণে সাঁতরে দুই বন্ধু তীরে ফিরতে পারলেও আর ফিরতে পারেনি মাসুম। মুহূর্তেই আনন্দের পিকনিক রূপ নেয় উৎকণ্ঠা আর কান্নায়। বন্ধু ও স্বজনরা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। সন্ধ্যায় হতাশ হয়ে বাড়ি ফিরলেও পরিবারসহ স্থানীয়রা পরদিনগুলোতে বিভিন্ন স্থানে খোঁজ চালাতে থাকেন। চার দিন পর শনিবার বিকেলে লুধুয়া মাছঘাট এলাকায় ভেসে ওঠে মাসুমের নিথর দেহ। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজের পর বিষয়টি নৌপুলিশকে জানানো হয়েছিল। শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে