ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র নুরুল্লাহ শাওন (২৫) হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্র সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার যুহরের নামাজের পর দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, নিহত শাওনের চাচা সাজেদুল ইসলাম সেলিম, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম, জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল্লাহ আল রোমান, ডেন্টিস্ট আফজাল হোসেন, ছাত্রনেতা রায়হানুল ইসলাম রানা, জুয়েল আহমেদ, এইচ এম বাশার, আবুল কাশেম রোকন ও শাকিল খান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, নিহত শাওন ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া কোনাপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। গত বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে জয়নুল আবেদীন পার্ক এলাকায় ঘুরতে গিয়ে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বক্তাগণ বলেন, শাওনের মতো একজন সম্ভাবনাময় তরুণের নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।