ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী পোলিং অফিসার মো. হাবিবুর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে হাবিবুরের বাড়িতে যান। ওই পরিবারের খোঁজ-খবর নিয়ে জেলা প্রশাসক নিহতের স্ত্রীর হাতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন। ইউএনও’র দফতর সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে আকস্মিক ভাবে সরাইল উপজেলায় টিঘর গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের বাড়িতে চলে যান জেলা প্রশাসক। এ সময় উনার সাথে ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। জেলা প্রশাসক প্রয়াত হাবিবুরের পরিবারের খোঁজ খবর নিয়ে সহমর্মিতা প্রকাশ করেন। হাবিবুরের পরিবারকে তিনি নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করেন। হাবিবুর গত সংসদ নির্বাচনে পোলিং অফিসার হিসেবে সরাইল সদরের সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে সকাল ৮টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীরা তাকে দ্রূত সরাইল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর মারা যান। হাবিবুরের আকস্মিক মৃত্যুর সংবাদে ভেঙ্গে পড়েন পরিবার স্বজন ও সহকর্মীরা।