ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১২ শিশু শিক্ষার্থী মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পেয়েছে পুরস্কার। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখায় তাদেরকে পুরস্কৃত করেছেন উপজেলা প্রশাসন। সূত্র জানায়, মাতৃভাষা বিষয়ে রচনা, চিত্রাঙ্কনসহ কয়েকটি বিষয়ের প্রতিযোগিতায় প্রাথমিক থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছিল। কয়েকটি গ্রূপে বিভক্ত হয়ে অংশগ্রহন কারীদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদেরকেই করা হয়েছে পুরস্কৃত। সেই পুরস্কারই গতকাল নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার উনার দফতর থেকে নিজ হাতে শিক্ষার্থীদের প্রদান করেছেন। সরাসরি ইউএনও’র হাত থেকে পুরস্কার গ্রহন করার বিষয়টিকে খুবই গৌরবের ও আনন্দের বলে মনে করছে ওই শিশু শিক্ষার্থীরা। পুরস্কার গ্রহনের সময় তাদের প্রত্যেকের চোখে মুখে ছিল হাঁসি ও উজ্জ্বলতার ঝলকানি। এ যেন এক অন্যরকম অনুভব ও অনুভুতি। পুরস্কার হাতে নেয়ার পর তাদেরকে কাছে ডাকলেন ইউএনও। তাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে গেল আরো কয়েকগুণ। ইউএনও’র পাশে পুরস্কার হাতে নিয়ে দাঁড়ালেন ১২ শিক্ষার্থী। তাদের চোখ তখন বলছিল এটা যেন তাদের জীবনের একটা স্মরণীয় সময় ও প্রাপ্তি। মন ভরে তারা সকলেই কয়েক মিনিটের জন্য উৎযাপন করলেন আনন্দ। শিক্ষার্থীরা পেল সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ। জীবন স্মৃতির খাতায় ধরে রাখতে ক্যামেরার ক্লিক। ১২ শিক্ষার্থীর সাথে আনন্দে ভাগ বসালেন ইউএনও আবুবকর সরকারও।