লক্ষ্ণীপুরে বাজার মনিটরিং জোরদার, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৮ পিএম | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৮ পিএম
লক্ষ্ণীপুরে বাজার মনিটরিং জোরদার, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে লক্ষ্ণীপুরে বাজার মনিটরিং জোরদার করেছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানে ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্ণীপুর পৌরশহরের মাছবাজার, কাঁচাবাজার, মুদিদোকান ও কলাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, “রমজানকে সামনে রেখে বাজারে কড়াকড়ি নজরদারি করা হচ্ছে। রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ক্রেতারা শুভ,সিরাজ, মোকলেছ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বাড়ানো সম্ভব হবে না।  বিক্রেতা সিরাজ মিয়া বলেন বাজার মনিটরিং অব্যাহত থাকলে এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হবেন।

আপনার জেলার সংবাদ পড়তে