কুমিল্লার হোমনায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও যানজটসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে মনিপুর গ্রামের আলোচিত তিন খুনের ঘটনার রহস্য এখনো উদ্ঘাটিত না হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। পুলিশকে দ্রুত এই হত্যাকাণ্ডের মূল হোতাদের আইনের আওতায় আনার তাগিদ দেন বক্তারা। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। আয়োজিত এই সভায় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে বাজারে অসাধু ব্যবসায়ীরা পণ্যের অতিরিক্ত দাম নিচ্ছে। একই সাথে ঠগবাজদের দৌরাত্ম্য ও অসহনীয় যানজট নিরসনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া শহরের যানজট নিরসন ও মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত এবং উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।