বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ভুইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, ইফতারের পর তার অটোরিকশা চুরি হয়। পরে খোঁজাখুঁজি করে তিনি একজনকে আটক করেন। অটোরিকশা উদ্ধার হলেও ব্যাটারি পাওয়া যায়নি। এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে থানায় নিতে চাইলে ব্যাটারি উদ্ধারের দাবিতে আপত্তি জানান স্থানীয়রা। অভিযোগ, এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ উপস্থিত জনতার ওপর লাঠিচার্জ করে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন বলে দাবি এলাকাবাসীর। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং পুলিশের দিকে লাঠিসোটা নিক্ষেপ করে। এতে পুলিশের চার সদস্যও আহত হয়েছেন। স্থানীয় কয়েকজন নারী পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জানতে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।