চাঁদপুরে মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হচ্ছে।পাশাপাশি দুই মাস নিষেধাজ্ঞা সময়ে মাছধরা থেকে জেলেদের বিরত রাখতে সরকারি খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম ইউনিয়নের ইউনিয়নে চলছে। বুধবার (৪মার্চ) সকাল থেকে দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের ২২৮৯ জন জেলের মাঝে চার মাসের মধ্যে দুই মাসের চাল একত্রে বিতরণ করতে দেখা যায়। এর আগে ১২ নং চান্দ্রা,১০নং লক্ষীপুর, ১৩ নং হানারচর,হাইমচর চরভৈরবী ও উত্তর আলগী ইউনিয়নে নিবন্ধিত জেলে চাল বিতরণ করা হয়। এদিকে, চাঁদপুর মেঘনা নদীর অভয়শ্রমে নিষেধাজ্ঞার চতুর্থ দিনে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় ৫২ হাজার কারেন্ট জাল জব্দ ও ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার(৪ মার্চ)ভোর ৫ ঘটিকা হতে সকাল ৯ ঘটিকা পর্যন্ত দশানী, মেহনপুর, চর উমেদ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার মি. কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার(৩ মার্চ) সন্ধ্যা ৭ টা হতে রাত ১২ টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ও জেলে আটক করে। ১ টি নৌকা জব্ধ করে পুলিশের হেফাজতে রাখা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন আসামীর প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। মঙ্গলবার(৩ মার্চ) রাত ১২ টার পর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পৃথক তিনটি অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সদস্য ও মৎস্য বিভাগের সদস্যরা সহযোগিতা করেন। এদিকে,চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন,প্রতিদিনই নদীতে জেলা উপজেলা টাস্কফোর্সের অভিযান জোরদার ভাবে চলছে। যারা আইন অমান্য করে মাছ ধরছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তিনি জানান, এবারের জাটকা সংরক্ষণ কর্মসূচিতে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে চাঁদপুর জেলার চার উপজেলার ৩৯ হাজার ৪০০ জন চার মাস প্রতিমাসে চল্লিশ কেজি করে চাউল পাবে।