ঈদের আগে কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি ডিইউজে-এর

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৭:৪৩ পিএম
ঈদের আগে কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি ডিইউজে-এর

ঈদের আগে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, গত দেড় বছরে অন্তত তিন শতাধিক সাংবাদিকের নামে মিথ্যা হত্যা মামলা করা হয়েছে। বহু সাংবাদিক বিনা অপরাধে কারাগারে অমানবিক জীবন-যাপন করছেন। অনেক অসুস্থ সাংবাদিক প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। বারবার এই ঘটনার প্রতিবাদ জানিয়েও তার কোন সমাধান হচ্ছে না। অবিলম্বে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতিসহ ঈদের আগেই কারাবন্দি সকল সাংবাদিকদের মুক্তির দাবী জানান নেতৃবৃন্দ। নেতারা বলেন, দীর্ঘ ১৮ মাস ধরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছে। ৩০০০ সদস্যের ঐতিহ্যবাহী যেই সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে তাদের কার্যক্রম কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। একটি স্বাধীন দেশে সাংবাদিকদের স্বার্থে এই ধরনের অন্যায়, অন্যায্য আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। রমজানে এই সংগঠনের বহু সাংবাদিক সারাদিন রোজা রেখে ইফতার করবেন সেই জায়গাটুকুও পান না। তাই অবিলম্বে ডিইউজে কার্যালয়ের তালা খুলে দিয়ে জাতীয় প্রেস ক্লাবে একটি ইফতার আয়োজনের অনুমতি প্রদানের দাবী জানান। বিবৃতিতে ডিইউজের শীর্ষ দুই নেতা বলেন, গত দুই বছরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের ওপর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন করা হয়েছে। বহু সিনিয়র সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত ও বাতিল করা হয়েছে। অনেককে জাতীয় প্রেসক্লাবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা বাংলাদেশের কোন আইন সমর্থন করে না। তাছাড়া কেবলমাত্র দলীয় ট্যাগ দিয়ে তিন শতাধিক সাংবাদিককে চাকুরিচ্যুত করা হয়েছে। ঈদের আগেই চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের পাশাপাশি কর্মরত সাংবাদিকদের আগামী ২০ রমজানের মধ্যে তাদের সব ধরনের বেতন বোনাস দেওয়ার দাবি জানান নেতারা।