চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিআরটিএর আর্থিক সহায়তা প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০২:৫০ পিএম
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিআরটিএর আর্থিক সহায়তা প্রদান

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬ খ্রি.) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্ঘটনায় নিহত ১৫ পরিবার ও গুরুতর আহত ৫ পরিবারের মাঝে ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বিআরটিএ চেয়ারম্যান এর পক্ষে  জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার চাঁদপুর জেলার মোট ২০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এই চেক তুলে দেন। আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়। জেলা প্রশাসন ও বিএআরটিএ, চাঁদপুর আয়োজনে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন, সকল পরিবারকে বলছি মা ও বোনেরা আপনারা একটি কথা মনে রাখবেন, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ করার ক্ষমতা আমাদের কারো নাই। এ অসহায় অবস্থার সময় বিআরটিএ ট্রাস্টি বোর্ড আপনাদের পাশে দাঁড়িয়েছে। এটা কোন অনুদান নয় শুধুমাত্র আপনাদের পাশে থাকার অঙ্গীকার মাত্র। আমরা আপনাদের পাশে সহমর্মিতার হাত বাড়িয়েছি। আমরা আপনাদের পাশে থাকবো। আল্লাহ আপনাদের সকলকে ধৈর্যধারণ করার ক্ষমতা দান করুক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা,বিআরটিএ চাঁদপুর কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মো. সেকান্দার। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক  ইন্সপেক্টর আবুল খায়ের, চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টুসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে